কর্মমুখী পড়াশোনা
পৃথিবীর অন্যান্য দেশের মতো সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের দেশেও রয়েছে কর্মমুখী পড়াশোনার জন্য অনেক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এসএসসি পাসের পর এসব প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। আর দেশে-বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রয়েছে ক্যারিয়ার গড়ার অপার সম্ভাবনা।
দেশে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের চাকরির সঙ্কটের কথা সবারই জানা। কিন্তু এর মধ্যেও বিভিন্ন শিল্প-কারখানায় দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এই চাহিদা পূরণে অনেক ক্ষেত্রেই বিদেশ থেকে দক্ষ জনবল এনে নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে দেশে দক্ষ জনবল তৈরি করতে বর্তমানে ৫০টি সরকারি ও ৪৩৯টি বেসরকারি পলিটেনিক ইনস্টিটিউটে ৩৫টির বেশি বিষয়ে প্রায় ৭৩ হাজার আসনে ছাত্রছাত্রীদের ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। ছাত্রীদের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় রয়েছে চারটি আলাদা পলিটেকনিক ইনস্টিটিউট। এ ছাড়া দেশে ১৩টি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট, তিনটি টেক্সটাইল, ৩৯টি হেলথ টেকনোলজি ইনস্টিটিউট, একটি গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট ও একটি গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউট রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের পর ছাত্রছাত্রীরা চার বছর মেয়াদি বিভিন্ন কোর্সে এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে যেসব বিষয়ে পড়ানো হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলোÑ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কেমিক্যাল, সিভিল, সিভিল (উড), কম্পিউটার, আর্কিটেকচার, অটোমোবাইল, ফুড, পাওয়ার, মেকানিক্যাল, প্রিন্টিং, গ্রাফিক ডিজাইন, গ্লাস অ্যান্ড সিরামিক, ইলেকট্রো-মেডিক্যাল, মেরিন, শিপবিল্ডিং, সার্ভেয়িং, মেকাটনিকস, কনস্ট্রাকশন, টেলিকমিউনিকেশন, এনভায়রনমেন্টাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, জুট টেকনোলজি, ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, এয়ার ক্রাফট মেইনটেন্যান্সে ইঞ্জিনিয়ারিং (এরোস্পেস), এয়ার ক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এভিয়োনিকস) এবং মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি। এ ছাড়া হেলথ সেক্টরে ম্যাটস, ডেন্টল, ওটি (অপারেশন কক্ষ) টেকনোলজিস্ট, আলট্রাসনোগ্রাফার, ইনফারটিলিটি টেকনোলজিস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইটিটি, ইসিজি, ইকো, অপটিমেট্রি টেকনোলজিস্ট ও প্যারামেডিকস-এ পড়াশোনার সুযোগ আছে। সেমিস্টার ভিত্তিক এসব বিষয়ে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা নিজেদের ক্যারিয়ার সহজেই গড়ে নিতে পারেন। ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষারও সুযোগ রয়েছে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে।
কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন www.dghs.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
নিবেদক
সৈয়দ ইবনে রহমত
(২৭ সেপ্টেম্বর ২০১৫)
সভাপতি, স্থায়ী কমিটি
ফরমার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গুলশাখালী



No comments:
Post a Comment